সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, সেখান থেকেই শুরু প্রেম। সেই ভালোবাসার টানে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে নেত্রকোনার মোহনগঞ্জে এসে বিয়ে করেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন। তিনি বিয়ে করেছেন নাজমিন আক্তার ওরফে লিজা (২০) নামের এক তরুণীকে।
গত ২১ জুলাই আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাদের বিয়ে সম্পন্ন হয়। আজ শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। বিদেশি বরকে এক নজর দেখতে কৌতূহলী এলাকাবাসীর ভিড় জমেছে কনের বাড়িতে।
নাজমিন আক্তার মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন স্থানীয়ভাবে ফার্নিচারের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তারা মোহনগঞ্জ শহরে বসবাস করছেন। অন্যদিকে ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা এবং পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার মাধ্যমে সম্পর্ক গভীর হয়ে প্রেমে রূপ নেয়। পরে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবারের সম্মতিতে ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকার বিমানবন্দরে নাজমিনের পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান এবং পরে মোহনগঞ্জে নিয়ে আসা হয়।
বিদেশি নাগরিকের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে প্রতারণার নানা ঘটনা থাকায় শুরু থেকেই সতর্ক ছিল কনের পরিবার। নাজমিনের বাবা জানান, ছেলের পরিচয় নিশ্চিত করতে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং চীনা দূতাবাস থেকেও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁর জামাই আবার চীনে ফিরে যাবেন। পরে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে চীন থেকে বর আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয়রা কনের বাড়িতে গিয়ে বরকে দেখছেন, ছবি তুলছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে কিছুটা সন্দেহ থাকলেও পরিবারের পক্ষ থেকে যাচাই-বাছাই করার পর এখন তারা স্বস্তি পেয়েছেন। তারা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
এই ব্যতিক্রমী প্রেম ও বিয়ের ঘটনা ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Geopulse TV
