বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কথিত গোলাগুলির খবর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই খবরকে “সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন” বলে দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের অন্তত ছয়টি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এমনকি বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতিও কিছু প্রতিবেদনে প্রকাশ করা হয়।
তবে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে মিল নেই। তার ভাষায়, “ওই এলাকায় এমন কোনো ঘটনা রেকর্ড করা হয়নি।”
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত প্রচারণা বলছেন, আবার অনেকে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন। বিশ্লেষকদের মতে, ভারত ও বাংলাদেশের দীর্ঘ ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্তে ছোটখাটো উত্তেজনা প্রায়ই দেখা যায়, তবে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়লে তা কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযান আরও জোরদার করেছে। ফলে সীমান্ত ইস্যু এখন দুই দেশের জন্যই অত্যন্ত সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে।
Geopulse TV
