আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বিশেষ সম্মান পেলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদ-সহ মোট ছয় জনকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করেছে আমেরিকা। এই তালিকায় রয়েছেন ইলন মাস্ক, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং আরও তিন বিশিষ্ট প্রযুক্তিবিদ।
‘নিউ গোল্ডেন এজ সামিট’-র অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। সত্য নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল পেয়েছেন ‘ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। অন্যদিকে, ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ পেয়েছেন ইলন মাস্ক, সের্গেই ব্রিন, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং এএমডির সিইও লিসা সু। অনুষ্ঠানে সত্য নাদেলার কাজের প্রশংসা করেন ট্রাম্প। তাঁর নেতৃত্বে মাইক্রোসফট কীভাবে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা হয়ে উঠেছে, তা তুলে ধরেন তিনি। বিশেষ করে, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মাইক্রোসফটের অগ্রগতির কথা উল্লেখ করেন আমেরিকার প্রেসিডেন্ট।
নাদেলার নেতৃত্বে মাইক্রোসফটের পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। ব্যবসা থেকে শুরু করে পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মাইক্রোসফট। পুরস্কারের বিবৃতিতেও মাইক্রোসফটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নাদেলার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। ক্লাউড কম্পিউটিংয়ের পাশাপাশি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি এবং সারা বিশ্বে তা ব্যবহারের সুযোগ বাড়ানোর জন্য তাঁর কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন বাকি পাঁচ জনও। তাঁদের কাজের ফলে কম্পিউটার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।
Geopulse TV
