বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ফরাসি বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য আজ বুধবার চুক্তি স্বাক্ষর হতে চলেছে। একইসঙ্গে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে বিমান বাংলাদেশের।
চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ। এর মধ্যে এ৩৫০-৯০০ বিমানগুলি ভবিষ্যতে দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে। অন্যদিকে, এ৩২১নিও উড়োজাহাজগুলি আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিষেবা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। জানা গিয়েছে, চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে স্বাক্ষর করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। এর আগে অক্টোবরের মধ্যেই এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। নতুন উড়োজাহাজগুলি যুক্ত হলে বিমান বাংলাদেশের বহর আরও আধুনিক হবে এবং দীর্ঘপাল্লা, আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিষেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
Geopulse TV
