ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এসেছে প্রায় ৪৭ লাখ লিটার ডিজেল। প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪.৭ মিলিয়ন লিটারের এই চালান পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে।

এটি ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ডিজেল সরবরাহ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর বিকেলে শেষ হয় এই চালান গ্রহণের প্রক্রিয়া।

দিনাজপুর পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, পাইপলাইনের মাধ্যমে সরাসরি পার্বতীপুরে পৌঁছেছে এসব ডিজেল।

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ প্রায় ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আমদানি করা জ্বালানি দেশের তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন কোম্পানির মধ্যে প্রায় সমানভাবে বিতরণ করা হয়। কোম্পানিগুলো হলো—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকা অতিক্রম করে পার্বতীপুরে পৌঁছেছে।

পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহনের ফলে আমদানি করা ডিজেল দ্রুত ও সরাসরি দেশের উত্তরাঞ্চলের রিসিভিং টার্মিনালে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *