জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি মাসের শেষ দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ব্রিকসের সভাপতির দায়িত্বে থাকা ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস সম্মেলনের আয়োজন করবে।
সম্মেলনে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন আউটরিচ আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছর ব্রিকসের ভারতীয় সভাপতিত্বের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’।
ব্রিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভারত এর আগে ২০১২, ২০১৬ ও ২০২১ সালে এই জোটের সভাপতির দায়িত্ব পালন করেছে। গত ১ জানুয়ারি, ২০২৬ থেকে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতির দায়িত্ব গ্রহণ করে ভারত।
উল্লেখ্য, চলতি বছর ব্রিকস প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উদযাপন করছে। এ প্রেক্ষাপটে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।
Geopulse TV
