বাংলাদেশে গত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি

বাংলাদেশে গত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৩ হাজার ৮৭৬টি জিডি হয়েছিল। সেই তুলনায় চলতি বছরের প্রথম সাত মাসে জিডির সংখ্যা বেড়েছে।

তবে প্রতিটি জিডির অর্থ শিশু আর ফিরে আসেনি—এমনটি নয় বলে সতর্ক করেন তিনি। তার ভাষ্য, নিখোঁজ শিশুদের একটি বড় অংশ পরবর্তী সময়ে পরিবারের কাছে ফিরে আসে। তবে ঠিক কত শিশু এখনো নিখোঁজ রয়েছে, সে বিষয়ে সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই বলেও জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, শিশু নিখোঁজের ঘটনা অবশ্যই উদ্বেগের বিষয়। তবে এটিকে বাংলাদেশের একেবারে নতুন সংকট হিসেবে উপস্থাপনের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

এদিকে প্রাপ্তবয়স্ক নিখোঁজের ঘটনাতেও গত সাত মাসে ১৩ হাজার ৫৮০টি জিডি হয়েছে বলে জানান তিনি। আগের সাত মাসে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৩টি। অর্থাৎ দুই সময়ের পরিসংখ্যানে খুব বড় পার্থক্য নেই।

প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে। তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও স্বীকার করেন তিনি।

সাংবাদিকদের সুযোগ-সুবিধা ও ওয়েজ বোর্ড নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।

নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দুটিই একসঙ্গে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা না থাকলে মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *