পদ্মা সেতু চালুর পর গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন আরও ৮৭৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পদ্মা সেতু চালুর পর রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হয়েছে। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যাও।
সংশ্লিষ্টদের মতে, দ্রুতগতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকদের অসতর্কতা ও বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। ব্যস্ত এই মহাসড়কে এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে চালকদের নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়কের নির্দেশনা মেনে চলা এবং যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
Geopulse TV
