নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর বড় ধরনের উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে থাকা ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৮৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি-১ রান-অব-দ্য-রিভার জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন এবং তামিলনাড়ুর ২১ জন রয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপাল সরকারের পাশাপাশি ভারতের বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নিখোঁজ ও যোগাযোগবিচ্ছিন্ন ভারতীয়দের অবস্থান শনাক্ত করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে নিখোঁজদের তথ্য সংগ্রহ, অবস্থান শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ধার ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি নেপালকে ভারতের পক্ষ থেকে পূর্ণ মানবিক সহায়তার আশ্বাস দেন।
নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
Geopulse TV
