আজ থেকে যুক্তরাষ্ট্রে ৬ দিনের সফরে নির্মলা সীতারামন, বৈঠক করবেন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে ছয় দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল ও নিউইয়র্ক সফর করবেন। এই সফরের মূল লক্ষ্য ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা।

শিকাগো সফরে নির্মলা সীতারামন বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের সিইও ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও পৃথক বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে ভারতের বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে তিনি ইউনিভার্সিটি অব শিকাগোর পলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করবেন। সেখানে উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং ভারতের দ্রুত সম্প্রসারিত স্টার্টআপ ও উদ্ভাবনী পরিবেশের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন।

শিকাগরে ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন ভারতের অর্থমন্ত্রী।

এরপর অ্যাশভিলে অনুষ্ঠিতব্য জি২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নির্মলা সীতারামন। যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠক ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জি২০ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা অংশ নেবেন। বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে জি২০ ফাইন্যান্স ও সেন্ট্রাল ব্যাংক ডেপুটিজ বৈঠক

জি২০ বৈঠকে ভারত বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি অন্যান্য সদস্য দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ পাবে।

সফরের শেষ পর্যায়ে নিউইয়র্কে বিনিয়োগকারীদের সঙ্গে একটি রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন নির্মলা সীতারামন। নিউইয়র্কভিত্তিক শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি ভারতের অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন।

এছাড়া আর্থিক খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে।

নিউইয়র্ক সফরে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিনির্ভর আর্থিক বাজার প্ল্যাটফর্ম NASDAQ-এর আয়োজিত বেল-রিংিং অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের অর্থমন্ত্রী। আগামী ২ সেপ্টেম্বর তাঁর যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, নির্মলা সীতারামনের কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে মোট ৯ দিনের সফর শুরু হয়েছিল ২৫ আগস্ট। সফরের প্রথম পর্বে কানাডার সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন তিনি। টরন্টোতে প্রথম India-Canada Economic and Financial Dialogue-এ অংশ নেওয়ার পাশাপাশি জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন খাতের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

About Desk 1

Check Also

কানাডার পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর, পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা অটোয়ার

কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *