ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।
আজ মঙ্গলবার প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ইন্টারপোলের সঙ্গে প্রতিটি সদস্যদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে এনসিবি, যার শাখা বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অবস্থিত। আন্তর্জাতিক অপরাধী ও পলাতক আসামিদের তথ্য আদান-প্রদান এবং তাদের গ্রেপ্তারে সংস্থাটি মধ্যস্থতা করে থাকে।
যুক্তরাষ্ট্রে অবস্থানের তথ্য নিশ্চিত: চিফ প্রসিকিউটর জানান, তদন্তে তারা নিশ্চিত হয়েছেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই গতকাল সোমবার এনসিবি-কে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়।
এনসিবি চিঠিটি ইন্টারপোলে ফরোয়ার্ড করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকাল আমরা চিঠি দিয়েছি। আমাদের পক্ষ থেকে দেওয়া মানেই এনসিবি নিয়ম অনুযায়ী এটি ইন্টারপোলে পাঠাবে।”
মামলার প্রেক্ষাপট: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির একজন জেনারেল আজিজ আহমেদ।
মামলার মোট ৪১ জন আসামির মধ্যে ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক থাকা বাকি আসামিদের মধ্যে অন্যতম অভিযুক্ত হলেন সাবেক এই সেনাপ্রধান।
চিফ প্রসিকিউটর আরও স্পষ্ট করেন যে, আপাতত কেবল জেনারেল আজিজ আহমেদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া গেছে বলেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই মামলার পলাতক থাকা অন্য আসামিদের অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের বিষয়েও একইভাবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হবে।
Geopulse TV
