ভারত ও ভিয়েতনাম আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন ভিয়েতনামে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শেরিং ওয়াংচুক শেরপা।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভিয়েতনামের একটি ইংরেজি দৈনিকে লেখা নিবন্ধে তিনি বলেন, দুই দেশ চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে, পরস্পরের কাছ থেকে শিক্ষা নিয়ে এবং নিজেদের অভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে।
শেরপা বলেন, দুই দেশের সম্পর্কের শক্তিশালী ভিত্তি হলো সদিচ্ছা, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা। এই সম্পর্কে সাধারণ মানুষকে কেন্দ্রে রেখে ঐতিহ্যবাহী অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ভিশন মহাসাগর (MAHASAGAR—Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions)-এর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ভিয়েতনামের ভূমিকা তুলে ধরেন ভারতীয় রাষ্ট্রদূত। একইসঙ্গে তিনি ASEAN-এর কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থনের বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেরপা আরও বলেন, অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য, বৌদ্ধধর্ম, ইতিহাস ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভারত-ভিয়েতনাম সম্পর্কের যে বিকাশ ঘটেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের উন্নয়ন ভাবনায় জনগণকেন্দ্রিকতার বিষয়টিও তুলে ধরেন তিনি। ‘বসুধৈব কুটুম্বকম’—বিশ্ব এক পরিবার এই দর্শনের ভিত্তিতে দেশীয় ও বৈশ্বিক সমৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে নিজের ভূমিকা অব্যাহত রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
Geopulse TV
