পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের লান্ডিকোটালে ২ জন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জামরুদের বিভিন্ন এলাকা থেকে এক নারী ও এক শিশুসহ আরও ৪ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া মারদানে ভারী বৃষ্টির মুখে বাড়ির ছাদ ধসে দুই শিশু নিহত হয়েছে এবং বাজাউরে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টানা বৃষ্টিপাত, ক্লাউডবার্স্ট ও আকস্মিক প্লাবনের কারণে প্রদেশের বিভিন্ন জেলায় সড়ক, সেতু, ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধার অভিযান জোরদার করতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
Geopulse TV
