মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়া সৃষ্ট চরম বৈরী আবহাওয়ার কারণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় হুবেই প্রদেশের বেশ কয়েকটি শহরে তীব্র বজ্রঝড়, শক্তিশালী বাতাস এবং টর্নেডো আঘাত হানে। এর মধ্যে হুয়াংগাং শহরে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ৪০০-রও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, চীনের কানসু (Gansu) প্রদেশে একটি আকস্মিক ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পর সেখানে ৩৩ জন আটকা পড়েছিলেন, যাদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
আবহাওয়া সংক্রান্ত অপর এক দুর্ঘটনায়, টাইফুন ‘মাইসাক’-এর প্রভাবে গুয়াংসি (Guangxi) প্রদেশে টরেন্টাল রেইন বা প্রবল বর্ষণ শুরু হয়েছে। এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা পরিস্থিতি জটিল রূপ নেওয়ায় ইতোমধ্যে প্রায় ৪৮ হাজার বাসিন্দাকে উপদ্রুত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
Geopulse TV
