ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আজ সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
এই হামলার ঘটনা ঘটেছে তুরস্কে অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনের ঠিক একদিন আগে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকার কথা রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই হামলায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করেছে। হামলার ফলে কিয়েভের পোডিলস্কি জেলায় একটি আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে। অন্যদিকে, দারনিতসিয়া জেলায় একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
হামলার সময় শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সাধারণ মানুষ নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, অন্তত দুটি জেলায় আগুন লাগা বা ধ্বংসাবশেষ পড়ার কারণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিস্ফোরণের আগে রাজধানীজুড়ে এয়ার রেইড সাইরেন বাজানো হয়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সেই সতর্কবার্তার একদিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
Geopulse TV
