রাষ্ট্রসংঘের সাধারণসভায় পাকিস্তানের বিরুধে সন্ত্রাসবাদ নিয়ে দিচারিতার অভিযোগ তুলো ভারত। দিল্লির দাবি, জইশ- ই- মহম্মদের প্রধান মাসুদ আজহারের সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করে পাকিস্তান সন্ত্রাসবাদে তাদের সমর্থনের অভিযোগ আড়াল করার চেষ্টা করছে। ভারত স্পষ্ট জানিয়েছে, ৯/১১, ২৬/১১ এবং পহেলগাঁও হামলার কথা বিশ্ব এখনও ভুলে যায়নি।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার ষষ্ঠ কমিটিতে পাকিস্তানের বক্তব্যের জবাবে ‘রাইট অব রিপ্লাই’ ব্যবহার করেন রাষ্ট্রসংঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী। তিনি বলেন, শুধু ঘোষণা বা বিবৃতি দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব নয়। সন্ত্রাসবাদীদের পাশাপাশি তাদের সংগঠক, অর্থ জোগানদাতা এবং মদতদাতাদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানের দাবিও প্রশ্নের মুখে ফেলেছে ভারত। ইসলামাবাদ দাবি করে আসছে, আজহার আফগানিস্তানে আত্মগোপন করে রয়েছে। তবে তালিবান সরকারের পক্ষ থেকে সেই দাবি নাকচ করা হয়েছে। রঘু পুরী বলেন, সংবাদমাধ্যম যদি আজহারের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য নিতে পারে, তাহলে পাকিস্তানও তার অবস্থান সম্পর্কে জানে বলেই মনে করা যায়।
আজহারের সন্ধান দিতে পাকিস্তানের ঘোষিত ৭০ লক্ষ পাকিস্তানি টাকার পুরস্কার নিয়েও কড়া মন্তব্য করেন পুরী। ভারতের পক্ষ থেকে এই ঘোষণাকে ‘গিমিক’ বলে উল্লেখ করা হয়। দিল্লির বক্তব্য, পুরস্কার ঘোষণার পরিবর্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বাস্তব এবং কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রঘু পুরী ৯/১১-এর হামলা, মুম্বইয়ের ২৬/১১ হামলা এবং পহেলগাঁও হামলার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেওয়া হলে হামলার শিকার মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। একইসঙ্গে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলা প্রচেষ্টাও দুর্বল হয়। ভারত নিজের নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি স্পষ্ট করেন।
Geopulse TV
