পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনে প্রক্রিয়াগত জটিলতা নিরসনে পেট্রোলিয়াম বিধিমালা, ২০০২ (Petroleum Rules, 2002) সংশোধনের প্রস্তাব এনেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। নতুন প্রস্তাবিত ‘পেট্রোলিয়াম (সংশোধন) বিধিমালা, ২০২৪’-এর আওতায় আইএসও (ISO) ট্যাংক কনটেইনারে পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের জন্য সর্বোচ্চ তিন বছর মেয়াদি অনুমোদনের সুবিধা রাখা হয়েছে।
একই সাথে, প্রয়োজনীয় নথিপত্রসহ সম্পূর্ণ আবেদন জমা দেয়ার পর নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত না এলে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বা ‘ডিমিড অ্যাপ্রুভাল’ (Deemed Approval) হিসেবে গণ্য করার নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা খসড়া বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবসমূহ তুলে ধরা হয়। গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিন পার হওয়ার পর খসড়াটি চূড়ান্ত করা হবে এবং প্রাপ্ত মতামত ও আপত্তি বিবেচনা করা হবে।
অনলাইন আবেদন ও নিরাপত্তা ব্যবস্থা: প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, চিফ কন্ট্রোলার বা কন্ট্রোলারের পূর্বানুমতি ছাড়া পেট্রোলিয়াম ভর্তি বা ব্যবহারের উদ্দেশ্যে আনা কোনো আইএসও ট্যাংক কনটেইনার আমদানি করা যাবে না।
আবেদনকারীদের পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনের (PESO) অনলাইন লাইসেন্সিং পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই খসড়া সম্পর্কিত যে কোনো আপত্তি বা পরামর্শ নিউ দিল্লির কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (M&OR) উদ্দেশ্যে পাঠাতে হবে অথবা ইমেইলের (js.mkt-png@gov.in) মাধ্যমে জমা দেওয়া যাবে।
Geopulse TV
